ঘন কুয়াশার কারণে নৌ-দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বন্ধ থাকা ফেরি চলাচল সাড়ে তিন ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে ঘাটে অপেক্ষমান যানবাহত নিয়ে ফেরি পারাপার শুরু করে কর্তৃপক্ষ।
এর আগে ভোর ৬টার পর থেকে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
এ সময় অতিরিক্ত ঘন কুয়াশার ফলে যানবাহন ও যাত্রী নিয়ে মাঝ পদ্মায় আটকা পড়েছে রো রো (বড়) ফেরি গোলাম মওলা এবং কপোতি নামের ছোট একটি ফেরি।
বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাটের বাণিজ্য শাখার সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল ফেরি চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘন কুয়াশায় মার্কিং বাতি ও ফগলাইটের আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
