পাঁচ মন্ত্রণালয়ে নতুন ৬ সচিব

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৫, ১৪:৪২
 
শিক্ষা, ভূমি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ ও জ্বালানি-খনিজ সম্পদ মন্ত্রণালয়ে নতুন ছয় সচিব দিয়েছে সরকার। একই সঙ্গে আরেক কর্মকর্তাকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এই আদেশ জারি করেছে। 
 
শিক্ষা সচিবের দায়িত্ব পেয়েছেন বিসিএস প্রশাসন অ্যাকাডেমির রেক্টর মো. সোহরাব হোসাইন। এ মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করে আসা নজরুল ইসলাম খান ৩০ ডিসেম্বর থেকে অবসরোত্তর ছুটিতে গেছেন।
 
প্রাথমিক ও গণশিক্ষা সচিবের দায়িত্ব পালন করে আসা মেছবাহ উল আলমকে পাঠানো হয়েছে ভূমি মন্ত্রণালয়ে। আর পরিকল্পনা কমিশনের সদস্য মো. হুমায়ুন খালিদ পেয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিবের দায়িত্ব।
 
বহির্গমন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক এন এম জিয়াউল আলমকে করা হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব (সমন্বয় ও সংস্কার)। বহির্গমন ও পাসপোর্টের ভারপ্রাপ্ত সচিব হয়েছেন নাজিমউদ্দিন চৌধুরী, যিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে অতিরিক্ত সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন।
 
ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুর রব হাওলাদারকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করেছে সরকার।