চৌমুহনী পৌর নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থীর কর্মী সভায় মুখোশধারী সন্ত্রাসীদের হামলায় ৬জন আহত হয়েছে। এই ঘটনায় বিএনপি ও আওয়ামী লীগ একে অপরকে দায়ি করছে। শনিবার বিকালে এ ঘটনা ঘটে।
স্থানীয়ভাবে ও দলীয় প্রার্থীর অভিযোগে জানা যায়, চৌমুহনী পৌর সভার নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী জহির উদ্দিন হারুন শনিবার বিকালে পৌর সভার ৯নম্বর ওয়ার্ডে হাজিপুর নবদিগন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মী সভা করেন। সন্ধ্যায় সভা শেষে ৮-১০ জন মুখোশধারী যুবক এসে অতর্কিতভাবে ককটেল বিষ্ফোরণ ঘটায় ও এলোপাতাড়ি পিটাতে থাকে। এ সময় লোকজন দৌঁড়ে পালাতে চেষ্টা করে। এতে ৬জন আহত হয়।
বিএনপির প্রার্থী জহির উদ্দিন হারুন জানান, আওয়ামী লীগ সমর্থিত লোকেরা এ হামলা করেছে। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে।
আওয়ামী লীগ দলীয় প্রার্থী আক্তার হোসেন ফয়সাল জানান, বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত কোনো লোকজন এ ঘটনা ঘটাতে পারে। এটা সম্পূর্ণ তাদের দলীয় কোন্দলের ফসল। এ ঘটনায় আওয়ামী লীগের বা অঙ্গ সংগঠনের কেউ জড়িত নয়।
বেগমগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) শওকত হোসেন জানান, বিএনপির দলীয় প্রার্থীর কর্মী সভা সম্পর্কে পুলিশ আগে অবহিত নয়। ঘটনা জানার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করে দলীয় কোন্দলের ঘটনা জানতে পারে। তবে থানায় অভিযোগ দায়ের করলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
