মোবাইল ফোনে ডেকে নিয়ে নববধূকে হত্যা

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৫, ১৫:৫৮
 
গাইবান্ধায় মোবাইল ফোন করে বাড়ি ডেকে নিয়ে গিয়ে লিজা আকতার (২০) নামে এক নববধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার তার বাড়ির পার্শ্ববর্তী মিরপুর বাজারের অদূরে একটি কালভার্টের পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
 
নিহত লিজা গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের নয়নি সাদেকপুর গ্রামের লিটন মিয়ার মেয়ে।
 
লিজা আকতারের মা বিলকিছ বেগম জানান, সম্প্রতি পার্শ্ববর্তী সাদুল্লাপুর উপজেলার কুঞ্জমহিপুর গ্রামের এক যুবকের সাথে লিজার বিয়ে হয়। এখনো আনুষ্ঠানিকভাবে মেয়েকে উঠিয়ে দেয়া হয়নি। তাই সে বাবার বাড়িতেই থাকতো। গত শুক্রবার দুপুরে তার মোবাইলে একটি ফোন আসে। তখন সে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ হয়।
গাইবান্ধা সদর থানার উপ-পরিদর্শক (এস আই) মো. হাবিব মিয়া জানান, আজ সকালে এলাকাবাসী মিরপুর বাজারের কাছে একটি কালভার্টের পাশ থেকে লিজার লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।
 
তিনি আরো জানান, লাশ উদ্ধারের সময় লিজার মুখ দিয়ে রক্ত ঝরছিল। এছাড়া তার মাথা ও কানে একাধিক জখমের চিহ্ন আছে।
 
গাইবান্ধা সদর থানার ওসি একেএম মেহেদী হাসান জানান, ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা লিজাকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করে লাশ এখানে ফেলে রেখে গেছে। এনিয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।