পাকিস্তানের মার্কেটে বোমা হামলা, নিহত ১৫

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৫, ১৭:৩৭
 
পাকিস্তানের মার্কেটে বোমা হামলায় কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। দেশটির আফগান সীমান্তবর্তী এলাকা পারাচিনরের কুররম শহরে বোমা হামলায় আরো অর্ধশত সাধারণ মানুষ আহত হয়েছে বলে রিপোর্ট প্রকাশ করেছে ডন।
 
রবিবার কুররম শহরের একটি পুরনো কাপরের মার্কেটে এ হামলার ঘটনা ঘটে। আহত ৪৭ জনকে তাৎক্ষণিক স্থানীয় ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এটা আত্মঘাতী না, দূরনিয়ন্ত্রিত বোমার হামলা প্রাথমিকভাবে তা নিশ্চিত করতে পারেনি তদন্তকারী দল। তাৎক্ষণিভাবে হামলার দায় কেউ স্বীকার করেনি।
 
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দেশটির নিরাপত্তারক্ষীরা জানায়, ওই মার্কেটটিতে লোকজন শীতের পোশাক কেনাকাটায় ব্যস্ত ছিল। হঠাৎ প্রচণ্ড শব্দে একটি বিস্ফোরণ ঘটে। সেখানেই মারা যান বেশ কয়েকজন। পরে স্থানীয়রা এবং নিরাপত্তারক্ষীরা আহতদের হাসপাতালে নিয়ে। সেখানে মারা যায় আরো কয়েকজন। নিরাপত্তারক্ষীরা ঘটনাস্থল থেকে সন্দেহভাজন দুজনকে আটক করেছে। ঘটনার পরপরই তারা এলাকাটি ঘিরে রেখেছে।
 
কুররম এলাকাটি খুবই স্পর্শকাতর উপজাতীয় অঞ্চল। আফগানিস্তানের তিনটি প্রদেশের সঙ্গে সীমান্ত রয়েছে এ অঞ্চলের। আফগান জঙ্গিদের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম এই কুররম। কয়েক বছর ধরে অনেকবারই মুক্তিপণের বিনিময়ে অপহরণের ঘটনা ঘটেছে এখানে। ডন।