দক্ষিণ-পশ্চিমাঞ্চল পানি ব্যবস্থাপনা প্রকল্পে এডিবির সাথে ঋণচুক্তি

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৫, ২০:২৭

দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পানি ব্যবস্থাপনায় নেয়া প্রকল্পে সাড়ে ৪ কোটি মার্কিন ডলার সহায়তা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। একই প্রকল্পে ৭০ লাখ ডলার অনুদান দেবে নেদারল্যান্ডস সরকার। বাংলাদেশি মুদ্রায় এ খাতে সহায়তা পাওয়া যাবে ৪০০ কোটি টাকার বেশি। এ বিষয়ে রবিবার সরকারের সঙ্গে এডিবিরি দ্বিপক্ষীয় চুক্তি হয়েছে।


শেরেবাংলানগরস্থ এনইসি সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন ও এডিবি ঢাকা অফিসের আবাসিক প্রতিনিধি কাজুহিকো হিগুচি চুক্তিতে সই করেন। এ সময় এডিবি ও ইআরডির ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে জানানো হয়, এ প্রকল্পের মাধ্যমে প্রায় ১ লাখ ৯১ হাজার স্থানীয় জনগোষ্ঠী উপকৃত হবে। ৬ কোটি ৩৭ লাখ ডলার ব্যয় ধরে দক্ষিণ পশ্চিমাঞ্চল সমন্বিত পানি সম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। এতে নেদারল্যান্ডস সরকার ও এডিবির সহায়তা ছাড়াও বাংলাদেশ সরকারের তহবিল থেকে প্রায় ১ কোটি ১৭ লাখ ডলার ব্যয় করতে হবে।


তুলনামূলক সহজ শর্তে এশীয় উন্নয়ন তহবিল (এডিএফ) থেকে এ ঋণ দিচ্ছে এডিবি। ২৫ বছরে এ ঋণ পরিশোধ করতে হবে। ঋণের রেয়াতকাল ধরা হয়েছে ৫ বছর। রেয়াতকাল পরবর্তী সময়ে ২ শতাংশ হারে সুদ পরিশোধ করতে হবে।


এর আগে এডিবি ও নেদারল্যান্স সরকারের আর্থিক সহায়তায় একই ধরনের একটি প্রকল্প নড়াইল জেলায় বাস্তবায়ন করা হয়েছে। প্রকল্পটির সফলতায় এডিবি এই বাড়তি ঋণ অনুমোদন করলো। প্রকল্পের আওতায় ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাগুরা ও যশোর জেলার সেচ ব্যবস্থার উন্নয়ন করা হবে। এবারের প্রকল্পে পাঁচ জেলার ১৬ উপজেলায় বাস্তবায়ন করা হবে ১১ টি উপ-প্রকল্প। সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটি (একনেক) প্রকল্পটির চূড়ান্ত অনুমোদন দেয়।