কক্সবাজারের মহেশখালীর নতুন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০৩টি দোকান পুড়ে গেছে। সোমবার ভোরে মহেশখালী উপজেলার ফায়ার সার্ভিস ইউনিট ও চকরিয়া ফায়ার সার্ভিস ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুনে পুড়ে প্রায় ২০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় ব্যবসায়ী ও দোকান মালিক সমিতি।
বাজারের ব্যবসায়ীরা জানায়, গভীর রাতে ওই বাজারে জাপানের দোকানের উপর ট্রান্সফরমার থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে মহেশখালী ফায়ার সার্ভিস ইউনিট ও চকরিয়া তৈকের আরো একটি ইউনিট ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। এর মধ্যেই ছোট বড় প্রায় ১০৩টি দোকান আগুনে পুড়ে ভস্মীভূত হয়।
আরো পড়ুন: পুনঃনির্বাচন দিন নইলে পদত্যাগ করুন: সিইসিকে মোশাররফ
পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে কাপড়ের দোকান ৫৩টি, লবণ মাঠের পলিথিনের দোকান ১০টি, মুদির দোকান ১৮টি, চায়ের দোকান ১২টি, জুতার দোকান ১৬টি, চাউলের দোকান ২৭টি, কলার দোকান ৪টি, মোবাইল কম্পিউটারের দোকান ১৪টি, কসমেটিক্স এর দোকান ১২টি, প্লাস্টিক ক্রোকারীজ দোকান ১১টি, ব্যক্তিগত অফিস ৭টি, টেইলার্স ৭টি, ফার্মেসি ৮টি, ফলের দোকান ২টি।

মহেশখালী ফায়ার স্টেশনের টিম লিডার মুকুল বিকাশ রওয়াজা জানান, অগ্নিকাণ্ডে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসলেও পর্যাপ্ত পানির ব্যবস্থা না থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। পরে পার্শ্ববর্তী উপজেলা চকরিয়া ফায়ার সার্ভিসের সহযোগিতায় বিশেষভাবে পানির ব্যবস্থা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাজারের একটি দোকানের উপর ট্রান্সফরমার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মো. জামিরুল ইসলাম ও মহেশখালী ইউপি চেয়ারম্যান এনায়েত উল্লাহ বাবুল।
ইত্তেফাক/বিএএফ
