চলতি সময়ে ছোটপর্দা নিয়ে ব্যস্ত থাকলেও বড়পর্দাতেও অনেকটা সরব অভিনেতা শাহেদ আলী। পাশাপাশি বিজ্ঞাপনেও দেখা মিলছে তার। চলতি সময়ে তিনি কয়েকটি ধারাবাহিক নিয়ে ব্যস্ত আছেন। এরমধ্যে মাছরাঙা’য় প্রচার হচ্ছে ‘হাউজওয়াইভস’, এটিএন বাংলায় ‘দহন’ ও চ্যানেল আইতে ‘ফেরারী’। দেশের নাটকের দর্শক এখন ভারতীয় চ্যানেলগুলোর দখলে হলেও নাটকের পরিমাণ কিন্তু কমেনি। রেকর্ডসংখ্যক চ্যানেলে নাটকের সংখ্যাও উল্লেখযোগ্য। এরমধ্যে শতাধিক নাটক পড়ে আছে বিভিন্ন চ্যানেলে। কিন্তু মান ও দর্শক নিয়ে প্রশ্ন উঠছে বারবার। নাটক সংশ্লিষ্টদের থেকে শুরু করে চ্যানেল কর্তৃপক্ষও দায় এড়িয়েই মন্তব্য করছেন। সেই জায়গা থেকে শাহেদ বলেন, ‘আমাদের নাটকের মান যে ভালো হচ্ছে তা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। আর নাটকের পরিমাণ বাড়লে দুর্বল গল্পের নাটকও বাড়বে। এই জায়গাটা চ্যানেল কর্তৃপক্ষের ভূমিকাটা জরুরি। কারণ তারা যদি নাটকের মান বিচার করে প্রচার করেন তাহলেই সবাই মানের দিকে গুরুত্ব দেবে। আর বিজ্ঞাপনের বিষয়টি নতুন করে বলার কিছু নেই। চ্যানেলগুলোর জন্য আমরা দর্শক হারিয়েছি। তাদের ব্যক্তি বিশেষের লাভের জন্য দর্শক এখন ভারতীয় চ্যানেলমুখী। তবে এসবের জন্য আমাদের নাটকের বা অভিনেতাদের কোনো ক্ষতি হচ্ছে না। চ্যানেলে না দেখলেও ইউটিউবে কিন্তু এখন নাটকের অনেক দর্শক রয়েছে।’ ছোটপর্দার ছাড়াও বড়পর্দাতে অভিনয় করছেন শাহেদ। চলতি বছরে তিনটি চলচ্চিত্রের কাজ করলেন তিনি। গৌতম ঘোষের ‘শঙ্খচীল’, তৌকির আহমেদের ‘অজ্ঞাতনামা’ ও আকা রেজা গালিবের ‘কালের পুতুল’।
