ঝাড়ু হাতে রাস্তায় সু চি

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৫, ২১:৪৪
 
নির্বাচনে জয়ী হওয়ার পর প্রথম প্রকাশ্যে হাজির হলেন মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সাং সু চি। তবে কোন বক্তৃতা দিতে নয়, জঞ্জাল পরিষ্কার করতে ঝাড়ু হাতে রাস্তায় নামেন তিনি। তার দলের জনসেবার অঙ্গীকার জনগণের সামনে তুলে ধরতে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন তিনি।
 
সু চি তার দল ন্যাশনাল লিগ ফর ডেমক্রেসির (এনএলডি) নবনির্বাচিত এমপিদের বলেছেন, তারা তাদের নিজ নিজ সংসদীয় এলাকা পরিচ্ছন্ন রাখার জন্য আক্ষরিক অর্থে সম্পূর্ণ দায়বদ্ধ। এনএলডি গত ৮ নভেম্বরের নির্বাচনে প্রায় ৮০ শতাংশ আসনে জয়ী হয়েছে।
 
মিয়ানমারে আবর্জনা একটা বিরাট সমস্যা। দেশটিতে নিয়মিত আবর্জনা সংগ্রহ ও সেগুলো ফেলার যথাযথ স্থানের ঘাটতি রয়েছে। ৭০ বছর বয়সী সু চি তার দলের সদস্য ও স্বেচ্ছাসেবীদের সঙ্গে নিয়ে ইয়াঙ্গুনের উপকণ্ঠে তার সংসদীয় এলাকা কাউমুতে পরিচ্ছন্নতা অভিযানের নেতৃত্ব দেন।
 
সু চি পুরানো প্লাস্টিক ব্যাগ ও অন্যান্য জঞ্জাল তুলে আনতে ময়লার মধ্যে হাত ঢুকিয়ে দেন। এ সময় তার হাতে গ্লাভস পরা ছিল। তিনি এক হাতে একটি সাদা ব্যাগ ধরেছিলেন এবং জঞ্জাল খুঁজছিলেন। সূত্র: এএফপি