একই বছরে বিশ্বমঞ্চে সেরা সুন্দরীর শিরোপা জিতেছিলেন সুস্মিতা সেন ও ঐশ্বরিয়া রাই। দু’জনের মধ্যে রেষারেষির গুজবের বোধহয় সেই শুরু। যা নিয়ে বরাবরই সরগরম মিডিয়া। তবে শনিবারের একটি ছবি তা পাল্টে দিল পুরোপুরি! একই ফ্রেমে ধরা দিলেন বিশ্ব কাঁপানো সুন্দরী।
১৯৯৪ সালে গোয়ায় মিস ইন্ডিয়া হন সুস্মিতা। ওই মঞ্চেই রানার-আপ এর পুরস্কার জিতেন ঐশ্বরিয়া। এরপর বিশ্বমঞ্চেও দাপট দুই ভারতীয় সুন্দরীর। প্রথম ভারতীয় হিসেবে ‘মিস ইউনিভার্স’ হন বাঙালি-কন্যা সুস্মিতা। পাশাপাশি, সে বছরই ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জয় বেঙ্গালুরুর মডেল ঐশ্বরিয়ার। এরপর একই সঙ্গে সিনেমার পর্দায় আসেন এই দুইজন। দু’ভাগ হয়ে যান তাদের ভক্তরা।
সুস্মিতা বনাম ঐশ্বরিয়া কে কার থেকে বেশি এগিয়ে, তা নিয়ে বহু বাক-বিতণ্ডা হলেও এ বার তাদের চমকে দিয়ে মুকেশ আম্বানি ও নিতা আম্বানির বাড়িতে এক পার্টিতে হাসিমুখে পোজ দিলেন দু’জনে। সেই সঙ্গে দীর্ঘদিনের জল্পনাতে জল ঢেলে দিলেন দুই সুন্দরী।
সে দিনই পার্টির ছবি টুইট করেন সুস্মিতা। সেই সঙ্গে বলেন, দু’দশকের একটি রূপকথা। আমরা পুরোপুরি উপভোগ করেছি। নিজেদের মধ্যে যে কোনও দিনই প্রতিদ্বন্দ্বিতা ছিল না বলে উল্লেখ করেছেন টুইটে। ইন্ডিয়ান এক্সপ্রেস।
