পুলিশ চাইলেই নারায়ণগঞ্জের সাত খুন মামলার অধিকতর তদন্ত করতে পারবে। এজন্য হাইকোর্টের নির্দেশ দেয়ার প্রয়োজন নেই। সাত খুন মামলার অধিকতর তদন্তের আবেদন নিষ্পত্তি করে দিয়ে সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেয়।
একই সঙ্গে আদালত বলেছে, হত্যা সংঘটিত হওয়ার পূর্বে যে ষড়যন্ত্র হয়েছিল সেই বিষয়টিও পুলিশ চাইলে অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করেত পারবে।
সাত খুন মামলার অভিযোগপত্র দাখিলের পর এর বিরুদ্ধে নারাজি আবেদন জানায় নিহত কাউন্সিলের নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি। কিন্তু তার আবেদন নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট এবং জেলা ও দায়রা জজ খারিজ করে দেয়। ঐ খারিজের বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিভিশন মামলা দায়ের করেন। এতে নূর হোসনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ ও মামলা অধিকতর তদন্তের আবেদন জানানো হয়।
ডিসেম্বরের প্রথম সপ্তাহে এই আবেদনের ওপর শুনানি করে হাইকোর্ট। আবেদনের পক্ষে আবদুল বাসেদ মজুমদার ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে মে মনিরুজ্জামান শুনানি করেন। শুনানি শেষে আজ এই আদেশ দেয়া হয়।
