ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে যেতে চাই: নাফিসা কামাল

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৫, ১২:৫৬
 
বিপিএল দল কুমিল্লা ভিক্টোরিয়ানসের চেয়ারপারসন নাফিসা কামাল বলেছেন, আমার বাবা (আইসিসি ও বিসিবির সাবেক সভাপতি আ হ ম মুস্তফা কামাল) যেমন ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে গেছেন, আমিও ঠিক সেখানে পৌঁছাতে চাই। সোমবার তার নিজের ফেসবুকে এই কথা বলেন তিনি।
 
নাফিসা কামাল বলেছেন, আমি মনে করি ক্রীড়া সংগঠক হিসেবে বিপিএল হলো আমার সূচনা। এখান থেকে আমি অনেক দূর এগিয়ে যেতে চাই। আমার বাবা যেমন ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে গেছেন, আমিও ঠিক সেখানে পৌঁছাতে চাই। আপাতত আমার লক্ষ্য হচ্ছে বিসিবির সঙ্গে যুক্ত হওয়া। তারপর সেই পথ ধরে চলে যেতে চাই আইসিসি পর্যন্ত।
 
ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত হওয়ার বিষয়ে তিনি লিখেছেন, আমি একটি ক্রীড়াপ্রেমী পরিবারের মানুষ। বাবা একজন বিখ্যাত ক্রীড়া সংগঠক। তাকে দেখে, তার অনুপ্রেরণায় ক্রিকেটের প্রতি আমি আগ্রহী হয়ে উঠি। তাছাড়া ছোটবেলা থেকেই দেশ-বিদেশের অনেক বিখ্যাত স্টেডিয়ামে প্রচুর আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ দেখেছি। সেসব খেলা দেখে ক্রিকেটের প্রতি ভালো লাগা জন্মেছে। এই ভালোলাগা আর বাবার প্রেরণায় বিপিএলের সঙ্গে যুক্ত হয়েছি।
 
তিনি বলেন, আসলে আমি নারী-পুরুষকে আলাদাভাবে দেখতে চাই না। আমি মনে করি যার যোগ্যতা আছে সেই এগিয়ে যাবে। তাছাড়া ক্রিকেট আমার রক্তে মিশে আছে। সে কারণেই ক্রিকেটে আসা।

মঙ্গলবার শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ছয়টায় বরিশাল বুলসের বিপক্ষে মাঠে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ানস।