সাইবার হামলা নিয়ে টুইটারের সতর্কবার্তা

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৫, ১৪:১০
 
এক সতর্কবার্তায় টুইটার জানিয়েছে, কিছু ব্যবহারকারীদের অ্যাকাউন্ট থেকে সরকার সমর্থিত হ্যাকাররা স্পর্শকাতর তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছে। প্রথমবারের মতো মাইক্রোব্লগিং সাইটটি এই ধরনের সতর্কবার্তা দিয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
 
সামবার প্রতিবেদনে বলা হয়েছে, অবশ্য এখন পর্যন্ত স্পর্শকাতর তথ্য হাতিয়ে নেয়ার কোনো প্রমাণ মেলেনি বলে টুইটারের নোটিশে বলা হয়েছে। তবে স্বল্প সংখ্যক অ্যাকাউন্ট লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। অ্যাকাউন্টে আক্রমণ বা সম্ভাব্য সন্দেহে বিষয়টি নিয়ে চালানো তদন্ত সম্পর্কে বিস্তারিত জানায়নি টুইটার।
 
সরকারি সংস্থার মদদে সাইবার হামলা চালানোর বিষয়টি নতুন উদ্বেগের জন্ম দিয়েছে। সরকারি সংস্থা, ব্যবসা প্রতিষ্ঠান, মিডিয়া সব হ্যাকারদের কবলে পড়েছে।
 
প্রযুক্তি-বিষয়ক ওয়েবসাইট ‘মাদারবোর্ড’ ও ‘দ্য ফিন্যান্সিয়াল টাইমস’ও এর আগে টুইটারের সতর্কবার্তা প্রতিবেদন প্রকাশ করেছে।
 
কোল্ডহ্যাক নামের কানাডার একটি অলাভজনক সংস্থা শুক্রবার টুইটারের সতর্কবার্তা পেয়েছে বলে দাবি করেছে। সংস্থাটি বলেছে, সতর্কবার্তায় বলা হয়েছে, আক্রমণকারীরা ইমেইল ঠিকানা, আইপি ঠিকানা বা ফোন নম্বর সংগ্রহের চেষ্টা চালাচ্ছে।
 
কোল্ডহ্যাকের একজন প্রতিষ্ঠাতা পরিচালক কোলিন চিল্ডস রয়টার্সকে বলেছেন, হামলার ফলে তার প্রতিষ্ঠানটি তেমন কোনো প্রভাব দেখতে পাননি।
 
গুগল ও ফেসবুকও তাদের ব্যবহারকারীদের অ্যাকউন্ট সম্ভাব্য আক্রমণ হওয়ার বিষয়ে সতর্ক করে দিতে শুরু করেছে। রাষ্ট্রীয় মদদেই এই আক্রমণ হতে পারে।