হবিগঞ্জের পাহাড় কাটার ওপর হাইকোর্টের স্থিতাবস্থা

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৫, ১৫:২৩
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দিনারপুরে অবাধে পাহাড় ও টিলা কাটার ওপর স্থিতাবস্থা জারি করেছে হাইকোর্ট। একই সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।
 
সোমবার জনস্বার্থে করা এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
 
আদালতের এ আদেশ পালন করে আগামী দুই সপ্তাহের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে পরিবেশের সিলেটের বিভাগীয় পরিচালক, হবিগঞ্জের উপ পরিচালক, হবিগঞ্জ পুলিশ সুপার, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ওসিকে নির্দেশ দেয়া হয়েছে।
 
গত ২২ আগস্ট একটি জাতীয় দৈনিকে ‘হবিগঞ্জ-পাহাড় কাটা থামছে না’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। এ প্রতিবেদন যুক্ত করে পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে ১৩ ডিসেম্বর একটি রিট দায়ের করা হয়।
 
আইনজীবী মনজিল মোরসেদ জানান, অন্তর্বর্তীকালীন আদেশের পাশাপাশি হাইকোর্ট রুলও জারি করেছে।