ছাত্রলীগ নেতার কব্জি কাটল দুর্বৃত্তরা

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৫, ১৬:৩৮
 
মানিকগঞ্জের শিবালয় উপজেলার উলাইল ১নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি আকাশ মজুমদারের ডান হাতের কব্জি কেটে দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে।
আকাশ টেপড়া গ্রামের রনো মজুমদারের ছেলে ও রূপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের কারিগরি শাখার  ছাত্র। 
 
পুলিশ জানায়, উপজেলার দশচিড়া গ্রামের পলাশের সাথে আকাশ মজুমদারের পূর্বের শত্রুতা ছিল। তারই জের ধরে রাতে পলাশ তার দলবল নিয়ে আকাশের এক বন্ধুসহ দুইজনকে জোর করে একটি সিএনজি করে নির্জনে নিয়ে মারপিট করে। এক পর্যায়ে আকাশের বন্ধু দৌড়ে পালিয়ে এসে এলাকার লোকজনকে খবর দেয়। মানুষজন পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা আকাশের ডান হাতের কব্জি কেটে মাটিতে ফেলে পালিয়ে যায়। আকাশকে আহত অবস্থায় প্রথমে স্থানীয় উথলী হাসপাতালে পরে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
শিবালয় থানার ওসি রকিবুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে ছাত্রলীগ নেতার হাতের কব্জি ও একটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।