আটকের পর কোম্পানির বার্ষিক সভায় চীনা ধনকুবের

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৫, ১৮:০৪
চীনের শীর্ষস্থানীয় ধনী ও ফুসানের প্রতিষ্ঠাতা গুয়ো গুয়াংচ্যাং পুলিশের হাতে আটক হওয়ার পর ছাড়া পেয়েছেন। সোমবার একটি ওয়েবসাইটের বরাতে এখবর জানিয়েছে বিবিসি।
 
গত সপ্তাহে গুয়াংচ্যাংকে আটক করে পুলিশ। দি ফুসান ইন্টারন্যাশনালের চেয়ারম্যান গুয়াংচ্যাং গত শুক্রবার প্রথমে নিখোঁজ হন। পুলিশ তাকে গ্রেফতার করেছে বলে পরে কোম্পানিটি নিশ্চিত করে জানায়। ফুসান প্রেসিডেন্ট ওয়াং কুনবিন জানান, কোম্পানির ব্যবসা সংক্রান্ত নয় বরং গুয়াংয়ের ব্যক্তিগত বিষয়ে তদন্ত করতেই তাকে নিয়ে যাওয়া হয়েছিল।
 
তবে তদন্তটি স্পর্শকাতর বিষয়ে হওয়ায় তিনি বিস্তারিত কিছু জানাতে অস্বীকার করেন। এদিকে সোমবার কেইসিন নামে একটি ওয়েবসাইট সূত্রে জানা গেছে, কোম্পানির চেয়ারম্যানকে পুলিশ ছেড়ে দিয়েছে। এরপর তিনি তার কোম্পানির বার্ষিক সভায় যোগদান করেন। এসময় সকলে তাকে দাঁড়িয়ে অভ্যর্থনা জানায়।
 
বেইজিংয়ে আর্থিক প্রতিষ্ঠানগুলোতে ধরপাকড় শুরু হলে এ বছরের প্রথম দিকে অনেক কোম্পানির নির্বাহী কর্তা-ব্যক্তিগণ স্বল্প সময়ের জন্য গা ঢাকা দিয়েছিলেন। সূত্র: বিবিসি