বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম দুটি আসরে শিরোপা জিতেছিল ঢাকা গ্ল্যাডিয়েটর্স। দুবারই শিরোপা জয়ী দলের অধিনায়ক ছিলেন মাশরাফি বিন মর্তুজা। এবার ঢাকা ফাইনালে নেই। তবে মাশরাফি রয়েছেন। ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নেতৃত্ব দিচ্ছেন তিনি। পুরো টুর্নামেন্টে কুমিল্লা যেভাবে খেলেছে এখন ফাইনালে বরিশাল বুলসকে হারিয়ে শেষটাও সেভাবে রাঙাতে চান তিনি।
ফাইনাল ম্যাচকে সামনে রেখে সোমবার রাজধানীর একটি হোটেলে গণমাধ্যমের মুখোমুখি হন মাশরাফি। সেখানেই জানালেন ফাইনাল ম্যাচ নিয়ে নিজের আকাঙ্ক্ষার কথা। কুমিল্লার অধিনায়ক বলেন, পুরো টুর্নামেন্ট আমরা যেভাবে খেলে আসছি, ফাইনালটাও তেমনই সাফল্য দিয়ে শেষ করতে চাই। যেহেতু ফাইনাল ম্যাচ, তাই উভয় দলই জিততে প্রাণপণ চেষ্টা করবে। আমরাও এই ম্যাচে সাফল্যের জন্য মুখিয়ে আছি। শুরু থেকে সেভাবে ফেভারিট ছিল না কুমিল্লা। এরপরও পয়েন্ট তালিকায় শীর্ষস্থান অর্জনের পাশাপাশি প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে মাশরাফিরা।
সাফল্যের রহস্য বর্ণনা করতে গিয়ে কুমিল্লা অধিনায়ক বলেন, আমরা যেটুকু সাফল্য পেয়েছি তা দল হিসেবে। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু যেমন দল হিসেবে খেলে, কুমিল্লাও তাই খেলেছে। এই সাফল্যের কৃতিত্ব আমার একার নয়, দলের সবার।
নড়াইল এক্সপ্রেসের নেতৃত্বে বিপিএলে হ্যাটট্রিক শিরোপার হাতছানি। ঐতিহাসিক এই মুহূর্তের মুখোমুখি থাকা মাশরাফি বলেন, প্রথম দিকে আমরা বিপিএলের তৃতীয় আসরে অতোটা ভালো খেলতে পারিনি। তবে এরপর থেকে আমরা দুর্দান্ত এক দলে পরিণত হয়েছি। তাই এতদূর আসার পর নিশ্চয়ই খালি হাতে ফিরতে চাইবো না।
বলতে পারেন দুই দলের জন্য ডু অর ডাই ম্যাচ। তবে আগের ম্যাচগুলোতে আমরা যেভাবে খেলেছি ওই ধারা অব্যাহত রাখতে পারলে অবশ্যই ফাইনালেও ভালো কিছু করা সম্ভব।
