ইসরায়েলি সেনাবাহিনীর একজন সাবেক সদস্য মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটে (আইএস) যোগ দিয়েছেন। রবিবার ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর একজন কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত খবরটি নিশ্চিত করেছেন। ইসরায়েলি সেনাবাহিনীর ওই সাবেক সদস্য দেশটির সংখ্যালঘু আরব জনগোষ্ঠীর সদস্য বলে জানা গেছে।
ইসরায়েল জানিয়েছে, দেশটির কয়েক ডজন মুসলিম আরব নাগরিক অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে সিরিয়া অথবা ইরাকে ইসলামিক স্টেট নিয়ন্ত্রিত এলাকাগুলো সফর করেছেন। এরা চরমপন্থায় দীক্ষা নিয়ে দেশের ভেতরে সশস্ত্র হামলা চালাতে পারেন- এমন উদ্বেগ বাড়ছে।
ইসরায়েলের জনসংখ্যার ২০ শতাংশ আরব জনগোষ্ঠী। ইসরায়েলি সেনাবাহিনীতে সাধারণত এদের নেওয়া হয় না। দেশটির সামরিক বাহিনীতে ইহুদিদেরই বেশি নেওয়া হয়। তবে এরপরও সেনাবাহিনী ও আধাসামরিক পুলিশে কিছু সংখ্যক আরব স্বেচ্ছাসেবী রয়েছেন।
ইসরায়েলের ওয়ালা নিউজ জানিয়েছে, ‘আইএসে যোগ দেওয়াদের মধ্যে একজন আগে ইসরায়েলি সেনাবাহিনীর গিভাতি পদাতিক বিগ্রেডে ছিলেন। পদাতিক এই ইউনিটটি প্রায়ই ফিলিস্তিনের গাজায় অভিযান চালিয়ে থাকে।
সাবেক এই সেনা ইসরায়েলের উত্তরাঞ্চলের এক গ্রাম থেকে আসা মুসলিম বলে জানিয়েছে ওয়ালা। তবে তিনি কবে সিরিয়ায় গিয়েছেন বা তার নামের ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি তারা। পরিবার থেকে বিচ্ছিন্ন এই সেনাকে ২০১৪ সালের জানুয়ারিতে ইসরায়েলি সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়।
বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে ইসরায়েলি ওই নিরাপত্তা কর্মকর্তা বলেন, ‘আমরা বিষয়টি সম্পর্কে জানি’। তবে আর বিস্তারিত কিছু জানাননি তিনি।
নিজ দেশের আরব জনগোষ্ঠীটির মাঝে আইএসের প্রতি সহানুভূতিশীলদের আটক করছে ইসরায়েল। এছাড়া পশ্চিম তীরের ফিলিস্তিনিদের মধ্যেও একই ধরনের অভিযান চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী।
