আগামী ১৮ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘বাপজানের বায়োস্কোপ’। ছবিটি পরিচালনা করেছেন রিয়াজুল রিজু। এর আগে ছবিটির মুক্তি নিয়ে অনেক বেগ পেতে হয় ছবি সংশ্লিষ্টদের।
ছবি মুক্তি নিয়ে পরিচালক বলেন, ‘আমাদের দেশে ছবিটি মুক্তি নিয়ে কিছু আমলাতান্ত্রিক সমস্যা ছিল। এছাড়া সিনেমা হল এবং পরিবেশক নিয়ে ভাবতে হয়। প্রথমত আমার ছবিটি তথাকথিত বাণিজ্যিক ঘরানার না। দ্বিতীয়ত, অভিনয় শিল্পী ও কলাকুশলীরা প্রায় কেউই মূল ধারার চলচ্চিত্রের নয়। তাই বেশ কিছু প্রতিকূলতায় পড়তে হয়েছে। তবে অবশ্য বেশিরভাগই অনুকূলে আনা সম্ভব হয়েছে’।
এই চলচ্চিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, সানজিদা তন্ময়, মৌটুসী, মাসুদ মহিউদ্দিনসহ আরো অনেকে। চিত্রনাট্য লিখেছেন মাসুম রেজাসহ আমিরুল ইসলাম, অয়ন চৌধুরী, মাসুদ মহিউদ্দিন। সংগীতায়োজন করেছেন এস আই টুটুল, সেতু চৌধুরী ও অমিত মল্লিক। কণ্ঠ দিয়েছেন চন্দনা মজুমদার, এস আই টুটুল, শিমুল খান, মাসুদ মহিউদ্দিন, অমিত মল্লিক ও ফকির জহির উদ্দীন।
