তুর্কমেনিস্তান, আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের নেতারা রবিবার একটি গ্যাস পাইপলাইনের নির্মাণ কাজের উদ্বোধন করেছেন। এই পাইপলাইন নির্মাণে এক হাজার কোটি মার্কিন ডলার ব্যয়ে হবে। দক্ষিণ এশিয়ায় জ্বালানি ঘাটতি এবং এ অঞ্চলের উত্তেজনা কমাতে এই পাইপলাইন সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।
তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট গুরবানগুলি বার্দিমুখামেদেভ, আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এবং ভারতের উপরাষ্ট্রপতি মোহাম্মদ হামিদ আনসারি তুর্কমেনিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কারাকুম মরুভূমিতে ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেন।
বার্দিমুখামেদেভ অনুষ্ঠানে বলেন, ‘আজ আমরা এ অনুষ্ঠানে যোগ দিয়ে একটি ঐতিহাসিক ঘটনার সাক্ষী হওয়ার গৌরব অর্জন করেছি। আজ থেকে বিশাল এই পাইপলাইনের কাজ শুরু হলো।
২০১৮ সালে এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। পাইপলাইনটি দিয়ে বার্ষিক তিন হাজার তিনশ কোটি কিউবিক মিটার গ্যাস সরবরাহ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। সূত্র: এএফপি
