উচ্ছৃঙ্খলতার অভিযোগে বহিষ্কার আমব্রিন!

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৫, ২১:৩৫
 
বিপিএল-এর এ আসর থেকে বহিষ্কার হলেন উঠতি উপস্থাপিকা আমব্রিন। এ বছর বিপিএল-এর আসর জুড়েই দেখা গেছে তাকে। এমনকি বিভিন্ন বিতর্কিত খবরেই বারবার জড়িয়ে যাচ্ছিলেন তিনি। অতঃপর কর্তৃপক্ষ সোমবার তাকে বহিষ্কারের ঘোষণা দিলেন।
 
এ প্রসঙ্গে ইভেন্ট প্রধান তানভীর খান বলেন, ‘আমি এমন কিছু মিডিয়াতে বলতে চাই না, যা আমব্রিনের পরবর্তী ব্যক্তিজীবনকে আরও সংঘাতময় করে তোলে। আমি শুধু সাফ জানিয়ে দিচ্ছি, তার উচ্ছৃঙ্খলতার মাত্রা দিনকে দিন সীমা লঙ্ঘন করছিল, তাই আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।’
 
পুরো বিপিএল জুড়েই সবকিছু ঠিক থাকলেও শেষ মুহূর্তে তাকে এই আসরের ফাইনালের উপস্থাপনা থেকে বাদ দেওয়া হলো।
 
এ বিষয়ে আত্মপক্ষ সমর্থন করে আমব্রিন ইত্তেফাকের বিনোদন প্রতিদিনকে  বলেন, ‘আমি আপাতত বিপিএল-এর ফাইনালে থাকছি না। কিন্তু কেন কর্তৃপক্ষ আমাকে বিপিএল থেকে বহিষ্কার করেছে এই বিষয়ে আমি এখনও কিছু জানি না। তবে তারা যদি বলে আমার পারফর্মেন্স খারাপ তাহলে সেটা তো আমি মেনে নেবো না। কারণ সারাবিশ্ব আমার পারফর্মেন্সের ব্যাপারে জানে।’
 
উল্লেখ্য, একটি খেলা বিষয়ক ওয়েবসাইট অ্যামব্রিনকে সেরা ৫ আবেদনময়ী ক্রিকেট উপস্থাপকের অন্যতম হিসেবে নির্বাচিত করে। তার উপস্থাপনার পারফর্মেন্স বলতে এই জরিপকেই বোঝাচ্ছেন কি-না তা অবশ্য স্পষ্ট করে বলেননি তিনি।