জন্মদিনে বিয়ের খবর জানাবেন সালমান

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৫, ২১:৪২
 
সালমান খানের বিয়ে নিয়ে শুধু তার ভক্তরাই নয়, বলিউডে তার সহশিল্পীরাও বেশ আগ্রহী। চলচ্চিত্রের পাশাপাশি বলিউডের এই 'দাবাং খান' প্রেমের খবর নিয়েও কিন্তু কম শিরোনামে আসেননি। কিন্তু বিয়ে পর্যন্ত আর সেই সম্পর্ক গড়ায়নি। আর সবার আগ্রহ থাকলেও বিয়ের কোনো আগ্রহই প্রকাশ করেননি ৪৯ বছর বয়সী এই তারকা।
 
তবে এবার সালমানের গলায় ভিন্ন সুর। অনেকদিন ধরেই রোমানিয়ান মডেল লুলিয়া ভানটুরের সাথে প্রেমের গুঞ্জন চলছে তার। সম্পর্কের খবরটি সালমান নিজেই নিশ্চিত করেছেন। তবে বিয়ে নিয়ে কোনো কথাই বলেননি তিনি। সম্প্রতি মামলা থেকে মুক্তির পর এখন শান্তিতেই আছেন সালমান। মাথার ওপর থেকে তের বছরের বোঝা নেমে গেছে।
 
এই সময়েই জীবনের নতুন অধ্যায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আর এই সংবাদটি তিনি নিজেই ঘোষণা করবেন আগামী ২৭ ডিসেম্বর তার জন্মদিনে। সালমান বলেন, ‘বিয়ের বয়স মনে হয় হয়েই এলো। এবার জন্মদিনেই বিয়ের ঘোষণা দেবো। অনুষ্ঠানে আমার কাছের সবাই উপস্থিত থাকবেন।’