বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৩ জানুয়ারি মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়েরকৃত অর্থ পাচার মামলায় আজ সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক আতাউর রহমানের আদালতে দুদকের উপ-পরিচালক নাসিম আনোয়ারের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
এসময় আদালত সাক্ষীর জবানবন্দি রেকর্ড এবং আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন। এর আগে ড. খন্দকার মোশাররফ হোসেনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, বিএনপি’র নেতৃত্বাধীন জোট সরকারের আমলে মন্ত্রী থাকাকালীন সময়ে ড. খন্দকার মোশাররফ হোসেন ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও অবৈধভাবে অর্থ উপার্জন করেছেন। তিনি এসব অর্থ বিদেশে পাচার করে আইনপরিপন্থী কাজ করেন। মোশাররফ ও তার স্ত্রী বিলকিস আক্তার হোসেনের যৌথ নামে যুক্তরাজ্যের লয়েড টিএসবি অফশোর প্রাইভেট ব্যাংকে (Lloyds TSB Offshore Private Bank) ৮ লাখ ৪ হাজার ১৪২.৪৩ পাউন্ড (বাংলাদেশী মূদ্রায় ৯ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার ৩৮১ টাকা) জমা রাখেন।
মোশাররফ হোসেন ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালীন ওই টাকা বিদেশে পাচার করেন বলে দুদকের তদন্তে প্রমাণ পাওয়া গেছে।
২০১৪ সালের ৬ ফেব্রুয়ারি দুদকের উপ-পরিচালক নাসিম আনোয়ার বাদী হয়ে এ ব্যাপারে রমনা মডেল থানায় মামলাটি দায়ের এবং তিনি একই বছরের ১৪ আগস্ট তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
গত ২৮ অক্টোবর খন্দকার মোশাররফের বিরুদ্ধে অভিযোগ গঠন করে এ মামলার বিচার শুরু হয়। বাসস
