আর্জেন্টিনায় বাস খাদে, ৪৩ পুলিশ নিহত

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৫, ১৭:৫৫
 
আর্জেন্টিনার উত্তরাঞ্চলে একটি বাস খাদে পড়ে ৪৩ পুলিশ সদস্য নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার এই দুর্ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন। দেশটির কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।
 
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। কর্মকর্তারা ধারণা করছেন, বাসটির একটি টায়ার ফেটে গিয়ে বাসটি ব্রিজ থেকে খাদে পড়ে যেতে পারে। বাসটি ১৫ মিটার (৫০ ফুট) নিচে পড়ে গিয়েছিল।
 
কর্তৃপক্ষ জানিয়েছে, আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
গভীর জঙ্গলে একটি পার্বত্য এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
 
রোসারিও দে লা ফ্রনতেরার মেয়র গুস্তাভো সলিস বলেছেন, যে স্থানে দুর্ঘটনাটি ঘটেছে সেখানকার রাস্তার অবকাঠামো ভালো নয়। যারা এই কথা জানে তারা রাতের বেলা সেখান থেকে যাতায়াত করে না।