মোটরকার, জিপ ও মাইক্রোবাস মালিকদের ওপর মালিকানাজনিত অগ্রিম আয়কর আরোপের বিধান কেন বেআইনি ঘোষণা করা হবে না- তা জানকে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। মঙ্গলবার এক রিট আবেদনের শুনানি শেষে পরিপ্রেক্ষিতে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি জে এম জেডের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেয়।
আগামী চার সপ্তাহের মধ্যে আইনসচিব, অর্থসচিব ও এনবিআর চেয়ারম্যানের রুলের জবাব দিতে বলা হয়েছে।
২০০৯ সালে তিন প্রকারের গাড়ির মালিকানাজনিত অনুমিত অগ্রিম আয়কর আরোপের বিধান করে সরকার। ২০১২ সালে এটি সংশোধন করা হয়। সেখানে পাঁচ থেকে ছয় গুণ আয়কর বৃদ্ধি করা হয়। সংশোধিত ঐ বিধান অনুযায়ী, প্রতিটি ১৫শ সিসি মোটরকার ও জিপ গাড়ির জন্য ১৫ হাজার টাকা, দুই হাজার সিসির জন্য ৩০ হাজার টাকা, দুই হাজার সিসির উপরে ৫০ হাজার টাকা, ২৮শ সিসি পর্যন্ত ৬০ হাজার টাকা ও এর উপরে এক লাখ আয়কর আরোপ করা হয়। এছাড়া মাইক্রোবাসের ১৫ হাজার টাকা আয়করের বিধান করা হয়।
এই বিধান করে জারি করা সরকারি প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহম্মদ আবুল কাশেম। আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাসুদ আহমেদ সাইদ।
তিনি বলেন, প্রাইভেটকার ও জিপ মানুষের ব্যক্তিগত নিরাপত্তার জন্য ব্যবহার করা হয়। তারা এর উপরে কোনো আয় করেন না। আয়কর আইনে কোন কোন ক্ষেত্রে কর দিতে হবে তা বলা হয়েছে। এর কোনোটিতেই মোটরকার ও জিপ গাড়ি পড়ে না। আজ শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করে।
