তাইওয়ানের কাছে যুদ্ধজাহাজ বিক্রি করছে যুক্তরাষ্ট্র

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৫, ১৮:১২
 
চীনের বিরোধিতা সত্ত্বেও তাইওয়ানের কাছে দু’টি গাইডেড মিসাইলবাহী যুদ্ধজাহাজ বিক্রি করছে যুক্তরাষ্ট্র। চলতি সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এনিয়ে একটি ঘোষণা দেয়া হতে পারে বলে আশা করছে দুই পক্ষ।
 
এর মধ্য দিয়ে প্রায় চার বছর পর তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ২০১৪ সালে যুদ্ধজাহাজগুলো বিক্রির অনুমতি দিয়েছিল মার্কিন কংগ্রেস।
 
দুটি যুদ্ধজাহাজের জন্য প্রায় ১৭ কোটি ডলার দিবে তাইওয়ান। জাহাজগুলো তৈরি অবস্থায় রয়েছে। যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরো দু’টি যুদ্ধজাহাজ কেনার কথা বিবেচনা করছে তাইওয়ান।
 
হোয়াইট হাউজ এ ব্যাপারে এখনও কোনো মন্তব্য করেনি। এর আগে যুক্তরাষ্ট্র যখন তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি করেছিল তখন চীন তীব্র ক্ষোভ প্রকাশ করেছিল। চীন তাইওয়ানকে তাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া একটি প্রদেশ মনে করে।
 
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ডেভিড লো গতকাল মঙ্গলবার বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য এটি একটি অগ্রগতি। যুক্তরাষ্ট্রে চীনা দূতাবাসের মুখপাত্র বলেছেন, তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের অস্ত্র বিক্রির তীব্র বিরোধী চীন। আমরা অস্ত্র বিক্রির মাধ্যমে চীনকে আঘাত না করতে যুক্তরাষ্ট্রকে আহবান জানাচ্ছি।
 
দক্ষিণ চীন সাগর নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এই সিদ্ধান্ত নিলো যুক্তরাষ্ট্র। সূত্র: রয়টার্স