'বছরে ৫০ হাজার কর্মকর্তা প্রশিক্ষণ পাবে এসএমএসি ল্যাবে'

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৫, ১৯:০৪

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, প্রতি বছর দেশের ৫০ হাজার কর্মকর্তাকে ‘সোশ্যাল মিডিয়া অ্যান্ড অ্যানালাইটিক ক্লাউড’ (এসএমএসি) ল্যাবে প্রশিক্ষণ দেয়া হবে।

সাইবার নিরাপত্তা ও বিগ ডেটা অ্যানালিসিস নিয়ে কাজ করতে বিশেষায়িত এই ল্যাব রাজধানীর আগারগাঁওয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তৃতীয় তলায় তৈরি করা হয়েছে। সোমবার এই ল্যাব উদ্বোধনের সময় প্রধানমন্ত্রীপুত্র এসব কথা বলেন।

 

ল্যাবটি প্রতিষ্ঠার কারণ সম্পর্কে জানাতে তিনি বলেন, অনলাইনে নিরাপদ তথ্য ও সেবা প্রদান, আইটি সার্ভিস ম্যানেজমেন্ট, সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য কনটেন্ট উন্নয়ন, সাইবার নিরাপত্তা ও বিগ ডেটা অ্যানালিসিস, বিভিন্ন ক্লাউড অ্যাপ্লিকেশন, আইএসও অ্যাপ্লিকেশনসহ তথ্যপ্রযুক্তিনির্ভর সমসাময়িক নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
 
ল্যাবটিতে মোট ৩৪টি কম্পিউটার বাসানো হয়েছে। এ গুলো দিয়ে শুরু হয়েছে প্রাথমিক প্রশিক্ষণ। শুরুতে সরকারের বিভিন্ন নিরাপত্তা এজেন্সি, আইন প্রয়োগকারী সংস্থা, আইসিটি উদ্যোক্তা, সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করেন এমন ৩৪ ব্যক্তিকে তিন দিনের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে।
 
ল্যাব উদ্বোধনের সময় আইসিটি বিভাগ থেকে অনুদান পাওয়া দুটি ইনোভেশন ও সহযোগিতা পাওয়া দুটি অ্যাপ প্রদর্শন করা হয়।
 
ল্যাবটির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আইসিটি সচিব শ্যাম সুন্দর শিকদার, বিসিসিরি নির্বাহী পরিচালক আশরাফুল ইসলাম, হাইটেক পার্ক কর্তৃপক্ষের এমডি হুসনে আরাসহ আরও অনেকে।