ছায়ানট ও ঢাবির আয়োজনে বিজয়ের গান

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৫, ০২:৪০

মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময় বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করার পাশাপাশি তাদের মধ্যে নিরন্তন দেশপ্রেম জাগ্রত করেছিল দেশাত্ববোধক গান। সেই দিন জাতি ছিল পথহারা, সেই পথহারা জাতিকে মুক্তির পথে অগ্রসর করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যুদ্ধ চলাকালীন সময়ের পরিস্থির ওপর লেখা গানগুলো। আর আজ স্বাধীনতার প্রায় ৪৫ বছর পর আবারও বাঙালি জাতিকে এক ও তাদের দেশপ্রেমের ভিত্তিকে আরও একটু মজবুত করার লক্ষ্যে গাওয়া হবে সেই পথহারা দিনের গানগুলো। আবারও বাঙালিকে এক করার লক্ষ্যেই ছায়ানট ও ঢাকা বিশ্ববিদ্যালয় যৌথভাবে আয়োজন করেছে বিজয় দিবসে গানের উত্সব। অনুষ্ঠানটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় খেলার মাঠে আজ অনুষ্ঠিত হবে।

 
এ বিষয়ে ড. বিমান চন্দ্র বিশ্বাস জানান, ‘এবারের বিজয় দিবসের অনুষ্ঠানটি আমরা মানুষের মনে দেশের প্রতি ভালোবাসার জায়গাটি আরও একটু মজবুত করার লক্ষ্যে আয়োজন করেছি। আর সেক্ষেত্রে আমরা বেছে নিয়েছি দেশাত্ববোধক গানকে। এবারের অনুষ্ঠানে আমরা প্রায় চার হাজার শিল্পী নিয়ে গান গাইবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের সার্বিক সহায়তা ও ছায়ানটের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সকল শিল্পীরা আমাদের সাথে কোরাসে অংশগ্রহণ করবে। এছাড়া খায়রুল আলম শাকিলের একটি একক গান থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় খেলার মাঠ জাতীয় পতাকার লাল সবুজে সাজিয়ে সবাই গাইবে ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’। শিল্পীরা আসবেন লাল শাড়ি আর পাঞ্জাবী পরে। দর্শকদের অনুরোধ করা হয়েছে সবুজ শাড়ি আর পাঞ্জাবী পরে আসতে, যাতে করে লাল-সবুজের পতাকার আদল আনা যায়।’ ছায়ানটের নির্বাহী কর্মকর্তা অনিদ্য রহমান অনুষ্ঠানটির প্রস্তুতি প্রসঙ্গে বলেন, ‘অনুষ্ঠানে পূর্বে আমরা রিহার্সেলে বেশ গুরুত্ব দিয়েছি। কারণ এতো বড় একটি আয়োজনে অনেকবার রিহার্সেল ছাড়া সুষ্ঠভাবে করা সম্ভব না। অনেক শিল্পী হওয়ায় আমরা বিভিন্ন গ্রুপে তাদের রিহার্সেলের ব্যবস্থা করেছি। অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের একটি পর্ব আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকি জাতীয় পতাকা উত্তোলন করবেন।’ বিজয় দিবসে গান গাওয়ার অনুষ্ঠান প্রসঙ্গে ছায়ানটের আরেকজন নির্বাহী কর্মকর্তা সিদ্দিক বেলাল বলেন, ‘বিজয় দিবসে গান গাওয়ার অনুষ্ঠানটিতে যেন আয়োজনের কোনো প্রকার কমতি না থাকে সেই বিষয়টিই আমরা এরইমধ্যে নিশ্চিত করেছি। একটি বেসরকারি চ্যানেল আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। এছাড়া বাংলাদেশ বেতার আমাদের অনুষ্ঠানটি সরাসরি প্রচার না হলেও পরে রেকর্ডিং প্রচার হবে।’