অভিবাসীরাই মার্কিন যুক্তরাষ্ট্রকে পুনরুজ্জীবিত করেছে: ওবামা

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৫, ১০:২৭
বারাক ওবামা মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসনকে দেশটির সবচেয়ে পুরোনো ঐতিহ্য বলে আখ্যায়িত করেছেন। গতকাল মঙ্গলবার অভিবাসীদের নাগরিকত্ব প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, এই অভিবাসন ঐতিহ্যই দেশটিকে ব্যতিক্রম করে তুলেছে। 
 
রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগে  বলেছিলেন যে মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা উচিত। তার এই বক্তব্যের প্রতিবাদ করেই যেন প্রেসিডেন্ট ওবামা বলেন, আমরা কখনো এটা বলে শেষ করতে পারবো না যে অভিবাসী ও শরণার্থীরা আমেরিকাকে পুনরুজ্জীবিত করেছে।  
 
ওবামা এই সপ্তাহে ইসলামিক স্টেটকে রুখতে তার কর্মপদ্ধতি ব্যাখ্যা করেছেন পাশাপাশি দেশে ধর্মীয় সহিষ্ণুতা বাড়াতে আহ্বান জানিয়েছেন। গতকাল ওবামা ন্যাশনাল আর্কাইভ মিউজিয়ামে বক্তব্য রাখছিলেন। সেখানে ইরাক, ইথিওপিয়া, উগান্ডা ও ২২টি দেশের অভিবাসীরা মার্কিন নাগরিক হিসেবে শপথ নিয়েছেন। তিনি আরো বলেন, আমেরিকার প্রথম অভিবাসীরা ছিল তীর্থযাত্রী এবং আমেরিকার স্বাধীনতার সনদে স্বাক্ষর করা ব্যক্তিদের আটজনই ছিলেন অভিবাসী। মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় অভিবাসীদের স্বাগত জানিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এক প্রজন্ম দুই প্রজন্ম যাওয়ার পরে আমাদের আর কারো মনে থাকে না কোথা থেকে এসেছি আমরা। এপি।