পাকিস্তানের বড় বড় শহরগুলোতে বুধবার আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের এক স্কুলে ভয়াবহ তালেবান হামলার এক বছর পূর্তি উপলক্ষে এ সতর্কাবস্থা নেয়া হয়েছে।
সেনা পরিচালিত স্কুলটিতে চালানো ১৬ ডিসেম্বরের ওই হামলায় ১৫১ জন নিহত হয়েছে। এদের অধিকাংশই ছিল শিশু। পাকিস্তানে এ যাবত চালানো সকল সন্ত্রাসী হামলার মধ্যে এটি ছিল সবচেয়ে ভয়াবহ।
এ উপলক্ষে পেশোয়ারের আর্মি পাবলিক স্কুলে বুধবার আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের অংশ নেয়ার কথা রয়েছে। এছাড়া সামরিক বাহিনীর প্রধান জেনারেল রাহেল শরীফ ও বিরোধী নেতা ইমরান খানও অনুষ্ঠানে যোগ দিতে পারেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বিস্তারিত না জানিয়ে বলেন, দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বড়ো বড়ো শহরগুলোতে অতিরিক্ত পুলিশ এবং স্পর্শকাতর এলাকায় আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। এএফপি।
