সাতক্ষীরায় মহিলা কাউন্সিলর পদে তৃতীয় লিঙ্গ প্রার্থী

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৫, ১৪:২৮
 
নাম তার দিথী। সাতক্ষীরা জেলায় তিনিই প্রথম, যিনি তৃতীয় লিঙ্গের (হিজড়া) কোন প্রার্থী আসন্ন পৌর নির্বাচনে মহিলা কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন।
 
কলারোয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক দিথী। তিনি কলারোয়া পৌরসভা নির্বাচনে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে চুড়ি প্রতীক নিয়ে লড়ছেন।
 
দিথী বলেন, তিনি জয়ী হলে সমাজের অবহেলিত অসহায় মানুষের পাশে দাঁড়াবেন।  সমাজে কোন বৈষম্য থাকবে না। 
 
সাধারণ জনগণ তাকে কেমন সমর্থন দিচ্ছেন, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, আমি তো নির্বাচনে দাঁড়াতেই চাইনি। এলাকার মুরব্বিরাই তাকে দাঁড়াতে বলেছে।
 
IMG0
 
সহযোগিতার কথা উল্লেখ করে তিনি বলেন, আমি ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। আওয়ামী লীগের সমর্থন পেয়েছি। সর্বোপরি সকলেই আমাকে সহযোগিতা করছেন। এলাকাবাসীকে সাথে নিয়ে তিনি মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন ভোট প্রার্থনা করতে।
 
কলারোয়ার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাইদুর রহমান জানান, তারা দিথীকে সমর্থন দিচ্ছেন।
 
তার প্রার্থিতার বিষয়ে কলারোয়া উপজেলা নির্বাচন অফিসার ফরায়েজী আহমেদ জানান, কলারোয়া পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী দিথী চুড়ি প্রতীক বরাদ্দ পেয়েছেন।