বাংলাদেশে মোবাইল ফোনের সিম নিবন্ধনে বায়োমেট্রিক পদ্ধতি চালু হয়েছে। বুধবার টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
বুধবার আনুষ্ঠানিক উদ্বোধন হলেও পরীক্ষামূলকভাবে এই পদ্ধতিতে নিবন্ধন শুরু হয়েছে গত ১ নভেম্বর। এই সময়ে পদ্ধতিগত সমস্যাগুলোর সমাধান করা হয়েছে বলেও জানান তারানা।
তিনি বলেন, সিম নিবন্ধনে বায়োমেট্রিক পদ্ধতি উদ্বোধনের মাধ্যমে আমরা ডিজিটাল পরিচয়ের পথে যাত্রা শুরু করলাম।
বৃহস্পতিবার থেকে নতুন গ্রাহকদের সিম কেনার সময় সবাইকে আঙুলের ছাপ দিতে হবে। পাশাপাশি বায়োমেট্রিক পদ্ধতিতে পুরনো সিমের পুনঃনিবন্ধন চলবে এবং আগামী এপ্রিল মাসের মধ্যে তা শেষ করতে হবে বলে জানান প্রতিমন্ত্রী।
বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনে কোনো সমস্যা হলে তা ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সমাধান করা হবে বলেও অপারেটরদের আশ্বাস দেন বিটিআরসি প্রধান।
