সৌদি আরবের উদ্যোগে গঠিত ৩৪টি মুসলিম দেশের সন্ত্রাসবিরোধী জোটে নিজেদের নাম দেখে বিস্ময় প্রকাশ করেছে পাকিস্তান। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশটির পররাষ্ট্র সচিব আইজাজ চৌধুরী বলেন, সৌদি আরব জোটের সদস্য হিসেবে পাকিস্তানের নাম জানিয়েছে এমন খবর পড়ে তিনি বিস্মিত হয়েছেন।
বিষয়টিতে পরিষ্কার ধারণা পেতে রিয়াদে পাকিস্তানি রাষ্ট্রদূতকে খোঁজ নিতে বলা হয়েছে বলেও জানান আইজাজ চৌধুরী। দেশটির অপর একজন উচ্চ পদস্থ কর্মকর্তা জানিয়েছেন, জোটের সদস্য করার বিষয়টি ইসলামাবাদের সঙ্গে আলোচনা করে ঠিক করা হয়নি।
মঙ্গলবার ইরাক, সিরিয়া, লিবিয়া, মিসর ও আফগানিস্তানে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে লড়াই জোরদার করতে নতুন একটি সামরিক জোট গঠনের ঘোষণা দেয় সৌদি আরব। এই জোটকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র।
জোটভুক্ত দেশগুলো হলো সৌদি আরব, বাহরাইন, বাংলাদেশ, বেনিন, চাদ, কোমোরোস, আইভরি কোস্ট, জিবুতি, মিসর, গ্যাবন, গিনি, জর্ডান, কুয়েত, লেবানন, লিবিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মালি, মরক্কো, মৌরিতানিয়া, নাইজার, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিস্তিন, কাতার, সেনেগাল, সিয়েরা লিওন, সোমালিয়া, সুদান, টোগো, তিউনিসিয়া, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন। ইন্দোনেশিয়াসহ আরও ১০টি মুসলিম দেশ এই জোটকে সমর্থন করেছে।
পাকিস্তানের ডন অনলাইনের খবরে জানানো হয়, ইসলামাবাদকে না জানিয়ে সৌদি আরব এর আগেও এমন কাজ করেছিল। ইয়েমেনে অভিযান পরিচালনাকারী জোটের সদস্য হিসেবে পাকিস্তানের নাম ঘোষণা করেছিল দেশটি। এমনকি জোটের মিডিয়া সেন্টারে পাকিস্তানের পতাকাও প্রদর্শন করা হয়েছিল তখন। পরে পাকিস্তান ইয়েমেনে যুদ্ধে যোগ দেওয়ার বিষয়টি অস্বীকার করে।
