সামরিক জোটে যাওয়ায় আশঙ্কার কিছু নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৫, ২১:৫৯
 
 
বাংলাদেশ সৌদি আরবের নেতৃত্বে সন্ত্রাসবিরোধী নতুন সামরিক জোটে যোগ দেয়ার কারণে আন্তর্জাতিক কোনো গোষ্ঠীর হুমকির আশঙ্কা তৈরি হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
 
মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার রাজারবাগ পুলিশ লাইনে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
 
পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে সৌদি নেতৃত্বে ৩৪ মুসলিম দেশের নতুন এই সামরিক জোটে যোগ দেয়ার সিদ্ধান্তের কথা জানায়। এতে বলা হয়, সৌদি আরব সরকার সন্ত্রাস ও উগ্রবাদের বিরুদ্ধে লড়াইয়ের লক্ষ্য নিয়ে গঠিত এই জোটে যোগ দেয়ার আমন্ত্রণ জানানোয় বাংলাদেশ তা গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে।
 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জঙ্গিবিরোধী অভিযান আমাদের জন্য নতুন নয়। তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তবে অনেক দেশই জঙ্গিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে বা তাদের নিয়ন্ত্রণে রাখতে পারেনি। কিন্তু আমরা পেরেছি।’