আইএসকে থামানোর কৌশল নিয়ে বিবাদে রিপাবলিকানরা

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৫, ১৮:৪৭
 
জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) কীভাবে থামানো হবে তা নিয়ে বিবাদে জড়িয়েছেন আগামী বছর অনুষ্ঠিতব্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশীরা। ক্যালিফোর্নিয়া ও প্যারিসে সন্ত্রাসী হামলার পর গত মঙ্গলবার অনুষ্ঠিত প্রথম বিতর্কে তাদের মধ্যে এই বাকযুদ্ধ হয়।
 
জাতীয় নিরাপত্তার বিষয়ে আলোচনা করতে গিয়ে সিনেটর টেড ক্রুজ এবং মার্কো রুবিও নজরদারি এবং অভিবাসন নীতি নিয়ে বিবাদে জড়িয়ে পড়েন। আরেকজন মনোনয়ন প্রত্যাশী জেব বুশও শক্তভাবে আক্রমণ করেন ডোনাল্ড ট্রাম্পকে। ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনার প্রেসিডেন্ট হওয়ার পথকে আপনি অপমান করতে সক্ষম হবেন না’।
 
এর আগে যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশ বন্ধের বিতর্কিত প্রস্তাব দেয়া ট্রাম্প বিতর্কের শুরুতে রক্ষণাত্মক ছিলেন। তিনি বলেন, ‘আমার ধর্ম বিষয়ে কথা বলছি না, আমরা কথা বলছি নিরাপত্তা নিয়ে’।
 
তাদের এই বিতর্ক দ্রুতই পররাষ্ট্রনীতি এবং জাতীয় নিরাপত্তার বৃহত্তর ইস্যুর দিকে বিস্তৃত হয়। মনোনয়ন প্রত্যাশীরা তাদের আলোচনায় বারবার যুক্তরাষ্ট্রে সন্ত্রাসের উচ্চমাত্রার ভীতির বিষয়টি তুলে ধরেন। কিন্তু যুক্তরাষ্ট্রে সরকারের নজরদারির সীমা এবং সিরিয়ার গৃহযুদ্ধ কীভাবে থামানো যায় তা নিয়ে তারা ভিন্ন ভিন্ন মত পোষণ করেন।
 
সরকারের নজরদারির ক্ষমতা হ্রাসে ভোট দেয়া ক্রুজকে উদ্দেশ করে রুবিও বলেন, ‘যদি সন্ত্রাসীরা আবারো হামলা করে... তাহলে প্রথম প্রশ্নটি হবে, কেন আমরা এটা সম্পর্কে জানি না এবং কেন আমরা তা থামাতে পারি না’।
 
মুসলমানদের সম্পর্কে মন্তব্য করে ব্যাপক সমালোচনার জন্ম দেয়া ট্রাম্প আইএসে যোগদান প্রক্রিয়ায় বাধা দিতে তাদের ইন্টারনেট বন্ধের প্রস্তাব দেন যা নিয়েও বিতর্ক অনুষ্ঠানটিতে উত্তপ্ত আলোচনা হয়। এই বিষয়ে ট্রাম্প বলেন, ‘আমি তাদেরকে আমাদের ইন্টারনেট ব্যবহার করতে দিতে চাই না’। সূত্র: বিবিসি