সিরীয় শিশু আয়লান কুর্দির কথা মনে আছে? তুরস্কের সমুদ্রতীরে এবার ২ ও ৬ বছর বয়সী দু’টি ইরাকি শিশুর লাশ পাওয়া গেছে। তুরস্কের সীমান্তবর্তী এজিয়ান সাগরের তীরবর্তী সিসমে রিসোর্টে ওই দুই শিশুর লাশ পাওয়া যায়। বুধবার তুরস্কের ডোগান নিউজ এজেন্সি জানায়, পরিবারের সঙ্গে সাগর পাড়ি দিয়ে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ গ্রিসে যাওয়ার পথে ওই দুই শিশুর মৃত্যু হয়।
স্থানীয় জেলেরা সাগরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে ওই দুই শিশুর লাশ উদ্ধার করে। উদ্ধারের পর দুই শিশুর লাশ স্থানীয় ইজমির অঞ্চলের উপকূল রক্ষীদের হাতে তুলে দেয় জেলেরা।
তুরস্কের গণমাধ্যম জানিয়েছে, প্রায় ২০০ অভিবাসন প্রত্যাশী এজিয়ান সাগর অতিক্রম করে গ্রিসে যাওয়ার চেষ্টা করছিল। নৌকাডুবিতে তারা সাগরে ভেসে গেলে উপকূলরক্ষীরা গিয়ে তাদের উদ্ধার করে।
এছাড়া অন্য আরেকটি নৌকাডুবির ঘটনায় ২ থেকে ৬ বছর বয়সী আরো ৪টি শিশুর লাশ পাওয়া গেছে। ওই ঘটনাটি ঘটেছে এজিয়ান সাগর তীরবর্তী তুরস্কের বদরুন রিসোর্ট শহরের উপকূলে। ১৪ মিটারের ওই নৌকাটিতে করে ইরাক, সিরিয়া ও আফগানিস্তান থেকে আসা ৫৮ জন অভিবাসন প্রত্যাশী সাগর পাড়ি দেওয়ার চেষ্টা করছিল।
চলতি বছরে ইরাক ও সিরিয়া থেকে আসা ৬ লাখ ৫০ হাজার অভিবাসন প্রত্যাশী এজিয়ান সাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টা করে। এসময় অন্তত ৫০০ মানুষ নিহত হয়। যাদের বেশিরভাগই নারী ও শিশু।
প্রসঙ্গত, চলতি বছরের শুরুতে সিরীয় শিশু আয়লান কুর্দির লাশ পাওয়ার পর বিশ্বজুড়ে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। এতে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো মধ্যপ্রাচ্যের শরণার্থী সংকট নিরসনে বিভিন্ন পদক্ষেপ নিতে বাধ্য হয়।
আর এই দুই ইরাকি শিশুর নিহতের ঘটনা ঘটল এমন এক সময়ে যখন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেল তুরস্ক ও আটটি ইউরোপীয় রাষ্ট্রের সঙ্গে শরণার্থী সংকট মোকাবেলায় ও শরণার্থীদের পুনর্বাসনের ব্যাপারে নতুন পরিকল্পনার ব্যাপারে আলোচনা করার জন্য একটি বৈঠকের প্রস্তুতি নিচ্ছিলেন। বৃহস্পতিবার অনুষ্ঠেয় ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনের পাশাপাশি ওই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সূত্র: এএফপি
