সম্প্রতি দেশে ফিরে আবারও এফডিসিতে ক্যামেরার সামনে চিত্রনায়িকা শাবনূর। তবে কোনো চলচ্চিত্রের ফ্রেমে নয়, একটি বিজ্ঞাপনের শুটিং করলেন তিনি। দীর্ঘদিন পর মডেল হিসেবে কাজ করছেন ঢালিউডের এই জনপ্রিয় নায়িকা।
শেষ তাকে কবে বিজ্ঞাপনে দেখেছেন দর্শক তা হয়তো অনেকেই ভুলে গেছেন। শাবনূরের নিজেরও হয়তো মনে নেই। শুধু জানালেন, অনেক আগে একটি তেলের বিজ্ঞাপনে কাজ করেছিলেন তিনি।
শেষ বিদেশ যাওয়ার আগে ‘পাগল মানুষ’ চলচ্চিত্রের বাকি অংশের শুটিং শুরু করেছিলেন শাবনূর। তবে এখনও চলচ্চিত্রের কাজ বাকি রয়েছে। এবার এই চলচ্চিত্রটিসহ নতুন আরও কয়েকটি চলচ্চিত্রের কাজ শুরু করবেন।
শাবনূর এখনকার চলচ্চিত্র ও তার কাজ নিয়ে বলেন, ‘এতোদিন আমার সন্তানের জন্য কাজে খুব একটা মনোযোগ দিতে পারিনি। তবে এখন পুরোদমে কাজ করবো। আর এখন চলচ্চিত্রের একটি নতুন ধারা শুরু হয়েছে। মাঝে তো আমাদের চলচ্চিত্রের নির্মাণ প্রায় বন্ধই হয়ে গিয়েছিল। বছরে হাতে গোনার মতো চলচ্চিত্র মুক্তি পেতো। সেই জায়গা থেকে এখন ইন্ডাস্ট্রি অনেকটা সরব। সমালোচনা অনেক আছে। গল্প, মেকিং নিয়ে অনেক ত্রুটিও রয়েছে। তবে চর্চাটা নিয়মিত থাকলে আমরা একসময় অবশ্যই ভালো করবো। অনেক কাজের মধ্যে ভালো কাজের সংখ্যাও দিন দিন বাড়বে।’
