গুয়াংজুকে নিয়ে উদ্বিগ্ন বার্সেলোনা

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৫, ০৯:৩৩
বার্সেলোনা কোচ লুই এনরিকে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে আজ বৃহস্পতিবার চীনের গুয়াংজু এভারগ্রেনডের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে খানিকটা উদ্বেগ প্রকাশ করেছেন। এনরিকে এও জানালেন যে খেলাটিতে চোটে থাকা ব্রাজিলিয়ান তারকা নেইমারকে নামিয়ে ঝুঁকি নিতে চান না তিনি।
 
বাংলাদেশ সময় বিকাল সাড়ে চারটায় জাপানের ইয়োকোহামা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শুরু হতে যাওয়া খেলাটি নিয়ে কথা বলেন গুয়াংজু কোচ ফিলিপ লুই স্কলারি। ব্রাজিলের বিখ্যাত এই কোচটি জানান, তারা বার্সেলোনা যে বিশ্বের সেরা দল সে ব্যাপারে অবহিত আছেন। তবে তার খেলোয়াড়রাও উজ্জীবিত, তাই একটি ভাল খেলা হবে বলে আশা করছেন।
 
এনরিকের দল সাম্প্রতিক সময়ে নৈপুণ্যের মধ্যে থাকলেও ক্লাব বিশ্বকাপের শেষ চারের লড়াইয়ে স্কলারির গুয়াংজুর বিপক্ষে আত্মপ্রসাদে ভুগছেন না। কেননা কোচ হিসেবে পরিপক্ব গুয়াংজু কোচও। তার তত্ত্বাবধানে ২০০২ সালে এই জাপানেই বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। ফলে ইয়োকোহামা অনেকটাই পরিচিত গুয়াংজুর কোচ স্কলারির।
 
শুধু কোচ স্কলারি নয়, প্রতিপক্ষ গুয়াংজুর খেলোয়াড়দের নিয়েও সতর্ক এনরিকে। এ ব্যাপারে তিনি বলেন, তাদের যেসব খেলোয়াড় আছে তাদের মানের দিকে তাকালে দেখবেন, পাওলিনহো টটেনহ্যামে খেলেছে। ফলে তাদের হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই। ফুটবল বিস্ময়ে ভরপুর একটি খেলা। ক্লাব আমেরিকাকে জিজ্ঞেস করে দেখুন (কোয়ার্টার ফাইনালে গুয়াংজু তাদের হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে)।
 
প্রতিপক্ষ অধিনায়ক জিয়াং সম্পর্কেও সচেতন বার্সেলোনা কোচ। এ ব্যাপারে তিনি বলেন, ‘তাদের অধিনায়ক নিয়েও আমাদের অনেক বেশি সতর্ক হতে হবে, সে দলটির গুরুত্বপূর্ণ একটি অংশ, যে সেন্টার-ব্যাকে দায়িত্ব পালনের পাশাপাশি শুরু থেকেই আক্রমণে যেতেও সক্ষম এবং সে মধ্য মাঠ পরিচালনার পাশাপাশি বক্সেও ঢুকে যেতে পারে।’
 
এনরিকে আরো বলেন, ‘আমরা যদি বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচগুলোর দিকে তাকাই। তাহলে দেখবো ম্যাচগুলো সবসময়ই কঠিন। তাই আমাদের এই পর্ব উতরানোর দিকে পূর্ণ নজর দিতে হবে। তবে দল ভালো অবস্থায় আছে এবং বাস্তবিক উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে জাপানে দল ভালো করবে।’
 
গুরুত্বপূর্ণ ম্যাচটির আগে ইনজুরিতে থাকা বার্সার তারকা নেইমারকে নিয়ে সমর্থকদের আগ্রহের কমতি নেই। এ ব্যাপারে এনরিকে জানালেন, খেলায় ফেরার জন্য এই ব্রাজিলিয়ানদের মধ্যে কোনো তাড়াহুড়ো নেই। তাছাড়া নেইমারকে নিয়ে ঝুঁকি নিতেও চান না বলে জানালেন বার্সা কোচ।
 
গুয়াংজু কোচ স্কলারির ধারণা তার স্বদেশী খেলোয়াড় নেইমারকে বার্সেলোনা মিস করবে না। তিনি বলেন, ‘নেইমার বিশ্বের সেরা তিন খেলোয়াড়ের একজন এবং গত পাঁচ বছর ধরেই সে উন্নতি করছে। তার মতো খেলোয়াড়ের অনুপস্থিতিতে যেকোনো দলেই প্রভাব পড়তে পারে। বার্সায়ও প্রভাব পড়তে পারে। যদিও তাদের একই ধরনের ২৫ জন খেলোয়াড় রয়েছে।’
 
কোয়ার্টার ফাইনালে ক্লাব আমেরিকাকে নাটকীয়ভাবে হারানোর পর সেমিফাইনালে প্রতিপক্ষ বার্সাকেও সতর্কবার্তা দিলেন গুয়াংজুর কোচ স্কলারি। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমরা প্রতিদিনই ভালো করছি। দিন দিন আমরা উন্নতি করছি এবং এ জন্য আমার প্রত্যেকটা খেলোয়াড়কে ধন্যবাদ। আমরা আমাদের গুণপনা সম্পর্কে জানি এবং বার্সেলোনা সম্পর্কেও জানি। তারা বিশ্বের সেরা একটি দল। তবে আমার খেলোয়াড়রাও উজ্জীবিত, আশা করি তারা ভালো একটি খেলা খেলবে। নিজেদের শক্তি নিয়ে স্কলারি আরো বলেন, ‘আমরা এশিয়ার চ্যাম্পিয়ন এবং কোয়ার্টার ফাইনালে কনকাকাফ চ্যাম্পিয়ন আমেরিকাকে হারিয়ে দিয়েছি। আমরা জিতেই এখানে এসেছি। আমি বার্সাকে অনেক সম্মান করি। কিন্তু আমার দলের ওপরও আস্থা রাখছি।’—বার্সেলোনা ওয়েবসাইট/সকারওয়ে