ছাত্রশিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রেফতার

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৫, ১২:১২
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কদমতলী থেকে জয়পুরহাট জেলা ছাত্রশিবিরের সভাপতি আবুজার গিফারী ও সাধারণ সম্পাদক ওমর আলীকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার ভোরে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি বিদেশি রিভলবার, ৪ রাউন্ড গুলি, ৬টি হাত বোমা, ২১টি ককটেল উদ্ধার করা হয়।
 
গ্রেফতারকৃত ছাত্রশিবিরের সভাপতি আবুজর গিফারী জয়পুরহাট সদর উপজেলার তুলাট গ্রামের হামিদুল রহমানের ছেলে ও জেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক ওমর আলী একই উপজেলার তেঘরবিশা গ্রামের আব্দুল ওহাবের ছেলে।
 
র‌্যাব-৫ রাজশাহীর পরিচালক লে. কর্ণেল মাহাবুব আলম জানান, আটককৃত ছাত্রশিবির নেতারা আগ্নেয়াস্ত্র ও ককটেল নিয়ে নাশকতার পরিকল্পনা করছে- এমন তথ্যের ভিত্তিতে র‌্যার-৫ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। 
 
গ্রেফতারকৃতদের নামে জয়পুরহাট জেলার বিভিন্ন থানায় একাধিক নাশকতার মামলা রয়েছে বলে তিনি জানান।