তামিল সুপারস্টার রজনীকান্তের সঙ্গে কাজ করতে যাচ্ছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। রজনীকান্তের পরবর্তী ছবি ‘রোবট ২’ (‘এনথিরান ২’) তে খলনায়কের ভূমিকায় দেখা যাবে অক্ষয়কে। নিজেই টুইটার অ্যাকউন্টে এই তথ্য জানিয়েছেন বলিউডের এই অভিনেতা।
টুইটারে একটি ছবিও পোস্ট করেছেন অক্ষয়। সেখানে ছবি পরিচালক এ শঙ্কর, সঙ্গীত শিল্পী এর আর রহমান ও রজনীকান্তের সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে এই অভিনেতাকে।
২০১০ সালের ‘রোবট’ (‘এনথিরান’) ছবির সিক্যুয়াল হিসেবে নির্মিত হচ্ছে ‘রোবট ২’ ছবিটি। সেখানে একই সঙ্গে নায়ক ও ভিলেন চরিত্রে দেখা গেছে রজনীকান্তকে।
অক্ষয়ের আগে হলিউড অভিনেতা আর্নল্ড সোয়াজনিগারকে খলনায়ক চরিত্রে অভিনয় করার কথা শোনা গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেটি কোনো সফল রূপ পায়নি।
জানা গেছে, ছবিরে প্রধান নারী চরিত্রে অ্যামি জ্যাকসনকে দেখা যাবে। সেখানে একটি রোবট হিসেবে দেখা যাবে তাকে।
ডিসেম্বরের ১৬ তারিখ থেকে ‘রোবট ২’ ছবিটির কাজ শুরু হয়েছে । আগামী বছরের প্রথম দিকে ছবিটি মুক্তি পেতে পারে। খবর: এনডিটিভি।
