পৌরসভা নির্বাচনে বিরোধী প্রার্থী ও কর্মীদের বাধা দেয়ার অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এই অভিযোগ করেন।
রুহল কবির রিজভী বলেছেন, বিভিন্ন জায়গায় পোস্টার বিরোধী প্রার্থীদের ছিঁড়ে ফেলা হচ্ছে। আমাদের রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুরে পৌরসভার মেয়র প্রার্থী শামসুর রহমান মিন্টু জানিয়েছেন, তাকে প্রচারণায় বাধা দেয়া হচ্ছে। স্থানীয় প্রশাসনের সহায়তায় ক্ষমতাসীনদলের ক্যাডাররা ঘরে ঘরে গিয়ে ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে। নারায়ণগঞ্জের তারাব পৌরসভায় ধানের শীষের প্রার্থীর পক্ষে প্রচার চালাতে দেয়া হচ্ছে না।
তিনি বলেন, বুধবার মন্ত্রী-হুইপ-এমপিরা বিজয় র্যালিতে সরকারি দলের প্রার্থীদের নিয়ে প্রচার চালিয়েছেন এবং ভোটারদের কাছে ভোট চেয়েছেন। এটি নির্বাচনী আচরণবিধির চূড়ান্ত লঙ্ঘন। এক্ষেত্রে নির্বাচন কমিশনের কোনো পদক্ষেপ দেখছি না।
বিএনপির এই নেতা বলেন, বিএনপি নেতাকর্মীদের গণগ্রেফতারের মাধ্যমে নির্বাচনী পরিবেশ আতঙ্কগ্রস্ত করে তোলা হয়েছে।
