ওয়ার্ল্ড টি টোয়েন্টির ভেন্যু বরাদ্দ নিয়ে প্রশ্ন

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৫, ১৪:৩৫
আগামী বছর ৯ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত ভারতে অনুষ্ঠিতব্য আইসিসি ওয়ার্ল্ড টি টোয়েন্টির ভেন্যু বরাদ্দ নিয়ে খোদ ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এখন প্রশ্নের সম্মুখীন। উল্লেখ্য টুর্নামেন্টের ৩৫টি ম্যাচের মধ্যে ১৭টিই অনুষ্ঠিত হবে ধর্মশালা ও নাগপুরে। 
 
আর এই দুটি ভেন্যু বিসিসিআই সভাপতি ও সেক্রেটারির ঘরের মাঠ হওয়ায় অন্য প্রদেশগুলো স্বাভাবিক ভাবেই বেঁকে বসেছে। বিসিসিআই সভাপতি শশাঙ্ক মনোহর নাগপুর এসোসিয়েশন ও বোর্ড সেক্রেটারী অনুরাগ ঠাকুর হিমাচল প্রদেশ ক্রিকেট এসোসিয়েশনের প্রধান। নাগপুরে এবারের বিশ্বকাপের নয়টি ও ধর্মশালায় অনুষ্ঠিত হবে আটটি ম্যাচ। 
 
বিশ্বকাপের জন্য বরাদ্দ অপর পাঁচটি ভেন্যু চণ্ডীগড়, মুম্বাই, কলকাতা, বেঙ্গালুরু ও দিল্লীতে বাকি ১৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এগুলোর সবগুলোই অবশ্য ভারতের টেস্ট ভেন্যু হিসেবে আইসিসি স্বীকৃত। এর মধ্যে কলকাতার ইডেন গার্ডেনে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। 
 
ভারতজুড়ে রয়েছে ২০টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। এর মধ্যে ১৫টি টেস্ট ভেন্যু হিসেবে পরিচিত। তারপরেও ওয়ার্ল্ড  টি টোয়েন্টির জন্য বিসিসিআই শুধুমাত্র এই সাতটি ভেন্যুকেই বেছে নিয়েছে। টুর্নামেন্টের বড় বিস্ময় হচ্ছে চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যকার সবচেয়ে আকর্ষণীয় ম্যাচটির জন্য ধর্মশালাকে বেছে নেয়া হয়েছে যেখানে দর্শক ধারণ ক্ষমতা মাত্র ২৩ হাজার। অথচ ৩০ হাজার কিংবা ৫৫ হাজার ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়াম ভারতে থাকলেও সেগুলোকে বিবেচনাই করা হয়নি। 
 
এ সম্পর্কে বিসিসিআই এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন এখানে রোটেশন পদ্ধতিও মানা হয়নি। তাছাড়া বিশ্বকাপের মত আসরে ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচটির ভেন্যু কোনটা হবে তার জন্য এত চিন্তার কিছু নেই, ২৩ হাজার নাকি ৫৫ হাজার ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামকে আমরা বেছে নিব, এটা নিয়ে কোনধরনের প্রশ্নই তো ওঠার কথা নয়। 
 
তবে এ সম্পর্কে বিসিসিআই সহ-সভাপতি ও বোর্ডের ট্যুর প্রোগ্রাম ও ফিকশ্চার কমিটির চেয়ারম্যান জি গানগারাজু কোন মন্তব্য করতে রাজী হননি।  মাত্র এক মাস আগে বিসিসিআই নতুন করে ছয়টি ভেন্যুকে টেস্ট ভেন্যু হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছে। এর মধ্যে শুধুমাত্র ধর্মশালায় বিশ্বকাপের আটটি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। 
 
অথচ বাকি পাঁচটি ভেন্যু পুনে, রাজকোট, ইন্দোর, রাঁচি ও ভিশাকাপত্নমকে কোনো ম্যাচের জন্যই বিবেচিত হয়নি। চেন্নাইয়ের মত জনপ্রিয় ভেন্যুও উপেক্ষিত হয়েছে। তবে পুরুষদের না হলেও অন্তত মেয়েদের চারটি ম্যাচ চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে। বাসস।