বিমানের ইঞ্জিনে জড়িয়ে প্রাণ গেল এয়ার ইন্ডিয়ার এক প্রকৌশলীর। বুধবার রাতে মুম্বাই বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এয়ার ইন্ডিয়ার জেট ফ্লাইট এআই ৬১৯ মুম্বাই থেকে হায়দ্রাবাদ রওনার প্রস্তুতি নেওয়ার সময় ইঞ্জিন চালু করলে এই দুর্ঘটনাটি ঘটে। রবি সুব্রামানিয়ান নামের ঐ প্রকৌশলী এই প্রক্রিয়াটি তদারক করছিলেন।
এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান অশ্বিনী লোহানি ঘটনাটিকে ‘অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা’ বলে বর্ণনা করেছেন। তবে ঠিক কী ঘটেছিল তা শেষ খবর পাওয়া পর্যন্ত পরিষ্কার হয়নি।
ঘটনার তদন্ত করা হচ্ছে জানিয়ে লোহানি বলেন, শোচনীয় এই ঘটনায় আমরা গভীরভাবে দুঃখিত ও মর্মাহত।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি বিমানবন্দরে কো-পাইলট বিমানটির ইঞ্জিন চালু করলে ঘটনাটি ঘটে। নিহত টেকনিশিয়ান বিমানটির কাছেই দাঁড়িয়ে ছিলেন।
সংস্থাটির অপর এক কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে বলেন, আমরা কোনোভাবেই বুঝতে পারছি না কিভাবে ঐ মুহূর্তে ব্যক্তিটি বিমানটির কাছে ছিলেন। শুধু তদন্তের মাধ্যমেই নিশ্চিত হওয়া যাবে কার দায়িত্বে অবহেলার কারণে এই ঘটনা ঘটল ও সে সময়ে বিমানের ইঞ্জিন চালু করার কথা ছিল কিনা।
