জঙ্গিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এ আহ্বান জানান। রাজধানীর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে ওই সম্মেলনের আয়োজন করা হয়।
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে হামলার ঘটনার কথা উল্লেখ করে সরকারের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, এ ধরনের হামলাকে হালকাভাবে দেখলে হবে না। এমন অবস্থা থেকেই ইরাক, সিরিয়া, লেবাননে আজকের বিধ্বস্ত অবস্থা সৃষ্টি হয়েছে।
আসন্ন পৌরসভা নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, এবার নতুন ধরনের নির্বাচন। নির্বাচন হচ্ছে দলীয় প্রতীকে। ধানের শীষ সারা দেশে জনপ্রিয়। একে পরাজিত করলে অনেক সুবিধা পাওয়া যাবে। সরকার এমনটা করবে জেনেও বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে।
