ঢাবি উপাচার্যের সঙ্গে রুশ প্রতিনিধি দলের সাক্ষাৎ

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৫, ১৬:৩৭
ঢাকায় রুশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি এবং রাশিয়ান সেন্টার অব সায়েন্স এ্যান্ড কালচার-এর পরিচালক আলেকজান্ডার পি ডেমিনের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করেন। 
 
বৃহস্পতিবার উপাচার্যের কার্যালয়ে রুশ প্রতিনিধি দলটি সাক্ষাৎ করে।
 
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- রাশিয়ার উরাল ফেডারেল ইউনিভার্সিটির অধ্যাপক ড. আন্দ্রে সুজিকিন এবং ড. দিমিত্রি বাজানোভ। 
 
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. রফিকুল ইসলাম এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সাব্বির আহমেদ উপস্থিত ছিলেন।
 
সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাশিয়ার উরাল ফেডারেল ইউনিভার্সিটির মধ্যে কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিষয়ে যৌথশিক্ষা ও গবেষণা প্রকল্প চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন।
 
এছাড়া উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ পিএইচডি ও মাস্টার্স প্রোগ্রাম চালুর ব্যাপারেও তাদের মধ্যে আলোচনা হয়।
 
প্রতিনিধি দলের সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষকদের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে রাশিয়ায় স্বল্পমেয়াদী প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। এ বিষয়ে শিগগিরই একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারেও তারা ঐকমত্য পোষণ করেন। বাসস।