নির্বাচনে জালিয়াতির অভিযোগে হাইতিতে ব্যাপক বিক্ষোভ

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৫, ১৭:২৫

হাইতির প্রথম দফার তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগে বুধবার দেশটির রাজধানী পোর্ট-অব-প্রিন্সে হাজার হাজার লোক বিক্ষোভ করেছে।


সেখানে দুই থেকে তিন হাজার বিক্ষোভকারী আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ শুরু করলে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়্যার গ্যাস নিক্ষেপ করে। তবে র্যা লির বেশীর ভাগ অংশ শান্তিপূর্ণ ছিল।


এটি ছিল হাইতিতে বিরোধী দলের বড় ধরণের ধারাবাহিক বিক্ষোভের সর্বশেষ ঘটনা। দেশটিতে আগামী ২৭ ডিসেম্বর দ্বিতীয় দফার নির্বাচন হওয়ার কথা রয়েছে।


উল্লেখ্য, গত ২৫ অক্টোবর হাইতিতে প্রথম দফার নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বিদায়ী প্রেসিডেন্টের সমর্থনপুষ্ট জোভেনেল মোইজ ৩২.৮ শতাংশ এবং জুদে সেলেস্টিন ২৫.৩ শতাংশ ভোট পান। কিন্তু বিরোধী পক্ষ নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ তোলে। বাসস