শেষ পর্যন্ত সৌদির সামরিক জোটে থাকছে পাকিস্তান

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৫, ২১:৪৫
 
সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সৌদি আরবের গড়া নতুন জোটে শেষ পর্যন্ত থাকছে পাকিস্তান। গত মঙ্গলবার ৩৪ দেশের সমন্বয়ে এই সন্ত্রাসবিরোধী জোট গঠনের ঘোষণা দেয় সৌদি সরকার। জোটের সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশের পাশাপাশি পাকিস্তানেরও নাম ঘোষণা করা হয়। পরদিন এই ঘোষণায় বিষ্ময় প্রকাশ করে পাকিস্তান। জোটে তারা থাকবে কিনা তা নিয়েও সংশয় দেখা দেয়। শেষ পর্যন্ত জোটে থাকার কথা নিশ্চিত করেছে পাকিস্তান। তবে এক্ষেত্রে পাকিস্তানের ভূমিকা কি হবে তা সৌদি আরবের সঙ্গে আলোচনার পরই ঠিক হবে বলে জানানো হয়েছে। খবর:ডনের।
 
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জোটের বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ কেমন হবে তা সৌদি সরকারের পক্ষ থেকে জানার অপেক্ষায় রয়েছে পাকিস্তান। প্রথমদিকে এই জোটে যোগদান নিয়ে পাকিস্তান বিস্ময় প্রকাশ করলেও পরে প্রকাশ পায় যে এ বিষয়ে অতি গোপনে প্রতিশ্রুতি দেয়া হয়েছে যেটি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত ছিল না।
 
পাকিস্তানের পাশাপাশি ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার কর্মকর্তারাও বলেছিলেন, জোটে যোগ দেবার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে তারা মত দেননি। যদিও এখনো তারা তাদের অবস্থান অবস্থান স্পষ্ট করেনি।