‘দূরবীন’-এর একযুগ পূর্তি

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৫, ০২:৫৪

আজ একযুগ পূর্ণ হলো ব্যান্ড দূরবীনের। প্রতিবছরের মতো এই বছরেও বর্ষপূর্তি উপলক্ষে দিনটিতে বিশেষ আয়োজন করেছেন দূরবীন ব্যান্ডের কর্ণধার শহীদ। বর্ষপূর্তি উপলক্ষে আজ রবীন্দ্র সরোবরে কনসার্টের আয়োজন করেছে ‘দূরবীন’। যেখানে ‘দূরবীন’ ছাড়াও কনসার্টে অংশ নেবে ব্যান্ড ‘শিরোনামহীন’। বিকেল ৩টা থেকে কনসার্ট শুরু হবে। কনসার্টটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

 
বিগত একযুগে অনেক পরিবর্তন এসেছে ব্যান্ডের লাইনআপে। এখন ব্যান্ড সদস্যদের মধ্যে রয়েছেন শহীদ, আয়ূব, ফাহাদ, শিশির, শাওন ও রাফি। যুগপূর্তি প্রসঙ্গে শহীদ বলেন, ‘অনেকটা পথা পাড়ি দিলাম ব্যান্ডকে নিয়ে। অনেক ভাঙা-গড়া ছিল। তবে নিজের প্রচেষ্টায় এখনও ব্যান্ডটি সচল রেখেছি। নতুন কয়েকজন সদস্য নিয়ে দূরবীন আবারও নতুন করে শুরু করেছি। এরইমধ্যে একটি অ্যালবামও রিলিজ দিয়েছি। ভক্তদের প্রতি কৃতজ্ঞ তাদের ভালোবাসা পেয়েছি। সবাইকে আজ কনসার্টে আমন্ত্রণ।’