নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পূর্ব শত্রুতার জেরে হামলা চালিয়ে আমিনুল ইসলাম সনজু (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
শুক্রবার সকালে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের পেরীরচর গ্রামে এ ঘটনা ঘটে। আমিনুল ইসলাম সনজু পেরীরচর গ্রামের মৃত নায়েব আলীর ছেলে ।
জানা গেছে, পেরীরচর গ্রামের মৃত নায়েব আলীর ছেলে আমিনুল ইসলাম সনজুর সঙ্গে একই গ্রামের জনাব আলীর ছেলে আক্কাস ও দুদু মহুরীর পূর্ব শত্রুতা ও মামলা-মোকদ্দমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে আমিনুল ইসলাম সনজু বাইরে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। কিছু দূর যাওয়ার পর দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে রাস্তায় ওৎপেতে থাকা আক্কাস, দুদু মহুরী ও তার লোকজন আমিনুলের ওপর অর্তকিত হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আমিনুলকে মারাত্মক জখম করে হামলাকারীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) অভিরঞ্জন দেব খুনের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মাথা, পেট ও মুখসহ শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
