কুষ্টিয়া সদর উপজেলায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুইজন নিহত ও একজন আহত হয়েছেন।
শুক্রবার সকালে উপজেলার নলকুলার বালুর চর মোড় এলকায় এ দুর্ঘটনা ঘটে বলে কুষ্টিয়ার পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পের এএসআই কামাল জানান।
নিহতরা হলেন- ঝিনাইদহের শৈলকূপা থানার বৈষ্ণবীপুর গ্রামের কদম মণ্ডলের মেয়ে জাহানারা (২৭) এবং তার ভগ্নিপতি গজনাইপুর গ্রামের মনির (৩০)। তাদের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
মনিরের চাচাতো ভাই আসদুজ্জামান লতাকে (৩২) আহত অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়ি শৈলকূপা থানার আনন্দনগর গ্রামে।
এ এসআই কামাল জানান, জাহানারা ও মনিরকে নিয়ে লতা মোটরসাইকেল চালিয়ে শৈলকূপা থেকে কুষ্টিয়ার কুর্শা গ্রামে এক আত্মীয়র বাড়ি যাচ্ছিলেন। পথে বালুর চর মোড় এলকায় একটি ট্রাককে পাশ কাটাতে গেলে ট্রাকের ধাক্কায় তারা রাস্তায় ছিটকে পড়েন। পরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই জাহানারা ও মনিরের মৃত্যু হয়। স্থানীয়রা লতাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
ঘটনার পর স্থানীয়রা ট্রাকসহ চালক ও তার সহকারীকে আটক করে পুলিশে হস্তান্তর করেছে বলে ওসি জানান।
